MENU

×

Page
  • Page
  • News
  • Events
  • Notice
What's New

News


Date: 2026-07-19

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এইচ খানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোশার্রফ হোসেন খান (প্রফেসর ড. এম. এইচ খান)-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এম. এইচ খান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এস. এম. খলিলুর রহমান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক।

উল্লেখ্য, প্রফেসর ড. এম. এইচ খান গত ৭ জুলাই ২০২৬ ইন্তেকাল করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে অসামান্য অবদান এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর অনন্য ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রফেসর ড. এম. এইচ খানের কর্মময় জীবন, নেতৃত্ব, মানবিক গুণাবলি এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, এইউএসটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইইই)-এর সভাপতি জাহিদুল ইসলাম রুনি, ইইই বিভাগের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবদুল হাসিম, ইইই বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. ইহতেসানুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. এস. এম. এ. আল মামুন, আর্কিটেকচার বিভাগের প্রফেসর ড. জেসমিন আরা বেগম, ইইই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. আবুল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ার মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) ও ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. খলিলুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক।

বক্তারা বলেন, প্রফেসর ড. এম. এইচ খান ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক এবং মানবিক ব্যক্তিত্ব। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা এবং শিক্ষা উন্নয়নে অবদান আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শুরুর পূর্বে এক খতম কুরআন পাঠের ব্যবস্থা করা হয়।  শেষে প্রফেসর ড. এম. এইচ খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।