Date: 2026-06-23

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আবিপ্রবি) স্থাপত্য বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত ২১ জুন ২০২৬ (রবিবার) বিকেল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দমুখর পরিবেশে উৎসবের আনুষ্ঠানিক ব্যানার উন্মোচন (Banner Launch Ceremony) অনুষ্ঠিত হয়েছে । এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এবং অনুষ্ঠানের প্রতি সকলের সম্মিলিত অঙ্গীকার প্রদর্শনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রো ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) অ্যান্ড ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জি এম এ বেলায়েত হোসেন, আয়োজক কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য, আবিপ্রবি-এর স্থাপত্য বিভাগ তাদের তিন দশক পূর্তি উপলক্ষে “প্রজন্মের মেলবন্ধন: ভবিষ্যতের ভাবনা” শীর্ষক মূল উৎসবটি আগামী ২ ও ৩ জুলাই ২০২৬ তারিখে আবিপ্রবি ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে।
দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন মূলত তিন দশকের একাডেমিক উৎকর্ষকে সম্মান জানাতে এবং স্থাপত্য উদ্ভাবনে একটি সম্মিলিত ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই এবং শিক্ষকবৃন্দকে এক ছাতার নিচে একত্রিত করবে ।
ব্যানার উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আসন্ন এই উৎসবের আনুষ্ঠানিক ক্ষণগণনা ও প্রচারণার সূচনা হলো। আয়োজক কমিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং অংশগ্রহণে আগামী ২ ও ৩ জুলাইয়ের এই মিলনমেলা এক অবিস্মরণীয় সাফল্য লাভ করবে।